জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ) আসনের এমপি মুস্তাফিজুর রহমান দীপু ভূইয়ার নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ৪টায় গাউছিয়া মার্কেট এলাকায় রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মিছিলে।
রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ভুলতা এলাকায় সমবেত হতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন এবং জুলাই অভ্যুত্থানের শহীদের স্মরণে নানা প্লাকার্ড শোভা পায়। খোলা ট্রাকে দাঁড়িয়ে দুই হাত নেড়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের অভিবাদন জানান মুস্তাফিজুর দীপু ভূইয়া।
র্যালিটি ভুলতা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এমপি জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, শরীফ আহম্মেদ টুটুল, মাহাবুবুর রহমান, আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, এড. গোলজার হোসেন, দেওয়ান সালাউদ্দিন আহমেদ, মোশারফ হোসেন প্রমুখ।