মেধা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে ৪২ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ দিয়ে সম্মাননা জানিয়েছে মোরেলগঞ্জ মডেল একাডেমি। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে ব্যতিক্রমী ও উৎসবমুখর আয়োজনে দেওয়া হয় এই সম্মাননা।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় মোরেলগঞ্জ মডেল একাডেমির বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা (অব.) আলহাজ্ব মো. সুলতান আহম্মেদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা হাসি, ছবির আহম্মেদ আখন্দ, শিক্ষক মেরাজুল ইসলাম খসরু, শিক্ষক মিজানুর রহমান, শহিদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া শুধু তাদের উৎসাহিত করে না, বরং অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভালো ফলাফল করার প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে। এ ধরনের বৃত্তি ও সম্মাননা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতের পথচলায় আত্মবিশ্বাসী করে তুলবে।
বক্তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। অর্জিত জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের ইংরেজিতে সঞ্চালনা করেন মোরেলগঞ্জ মডেল একাডেমির দুই ক্ষুদে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক ইঞ্জিনিয়ার নাহিদ মাহমুদ রুবেল।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেন। সম্মাননা গ্রহণের সময় শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ-উচ্ছ্বাস ও উৎসাহের আবহ। তাদের এই অর্জনে অভিভাবকদের মধ্যেও ছিল গর্ব ও আনন্দ।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তারা মোরেলগঞ্জ মডেল একাডেমি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও উৎসাহব্যঞ্জক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।