বেতাগী ( বরগুনা ) প্রতিনিধি : , আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

যৌতুকের মামলায় বেতাগী সরকারী কলেজের আলোচিত প্রভাষক গ্রেপ্তার

চট্টগ্রামে যৌতুকের মামলায় ৪৩তম বিসিএস ক্যাডার ও বরগুনার বেতাগী সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, এক তরুণীর সঙ্গে মাকসুদুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর ওই তরুণীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করার অভিযোগ ওঠে। দাবি করা টাকা দিতে না পারায় তাঁকে মানসিক চাপ ও বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই তরুণী মাকসুদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন। মামলায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার নথিতে বাদী অভিযোগ করেন, তাঁর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারায় আসামি তাঁকে বিভিন্নভাবে চাপ ও হয়রানি করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে মাকসুদুল হাসানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, মাকসুদুল হাসান গ্রেপ্তারের আগে গত জুলাইয়ের প্রথম দিকে বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকার এক তরুণীর সঙ্গে তাঁর কথিত সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়ভাবে জানা গেছে, ওই তরুণী মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। তবে সংশ্লিষ্টদের ভাষ্য, ওই ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনা এবং মাকসুদুল হাসানের বিরুদ্ধে করা যৌতুকের মামলাটি পৃথক বিষয়।