আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ , আজকের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

আমতলীতে দুদকের উপপরিচালকের ‘সততা স্টোর’ পরিদর্শন ও বৃক্ষরোপণ

বরগুনার আমতলী উপজেলার আমতলী ইউনিয়নে অবস্থিত আলহাজ্ব মো. শামীম আহসান দাখিল মাদ্রাসার ‘সততা স্টোর’ পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

সোমবার (১০ আগস্ট) মাদ্রাসা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন পটুয়াখালী দুদকের উপসহকারী পরিচালক মো. খালিদ হোসাইন ও মো. সাইদুর রহমান অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন আমতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ.কে.এম. খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব এবং আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহাসীন মাতুব্বর।

পরিদর্শন শেষে মাদ্রাসার হলরুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী।

আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় ‘সততা স্টোর’-এর কার্যক্রম পরিদর্শন ও এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে পরিবেশ ও মাদ্রাসা প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে পিপলস ভয়েস অব আমতলী (পিভিএ)-এর পক্ষ থেকে মাদ্রাসাকে কৃষ্ণচূড়ার চারা উপহার দেওয়া হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী নিজ হাতে কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন।