মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক হোগলাপাশা গ্রামের আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সানকিভাংগা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান ও মফেজ শেখের ছেলে সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একইসঙ্গে চারজনকেই ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।

প্রশাসন সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের একটি দল হোগলাপাশা ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ওই চারজনকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করেন। এ সময় আদালত তাদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।

দণ্ডাদেশের পর চারজনকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে মোরেলগঞ্জে মাদকের বিস্তার নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।