মোঃ শাকিল আহমেদ, রিপোর্টারঃ , আপলোডের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, হতদরিদ্র পরিবার ও একটি এতিমখানা-মাদ্রাসায় হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।

আয়োজকরা জানান, কাঠালিয়ার তিনজন ব্যবসায়ীর আর্থিক সহযোগিতায় এবং প্রেসক্লাবের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে চারটি হুইলচেয়ার, একজন অসহায় নারীকে আত্মকর্মসংস্থানের জন্য একটি সেলাই মেশিন, চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় চারটি বৈদ্যুতিক ফ্যান এবং দুইজন হতদরিদ্র ব্যক্তিকে তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসিন খান। এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সাল আহম্মদ, সাধারণ সম্পাদক শহিদুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।