‘লেনদেন হচ্ছে ক্যাশলেস —এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে পূবালী ব্যাংক পিএলসির ‘বাংলা কিউআর’ ও ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ উদ্বোধনের মধ্য দিয়ে ডিজিটাল লেনদেনের নতুন দিগন্ত সূচিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার উদ্যোগে উপজেলার পুলঘাট বাজারে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে স্থানীয় ব্যবসায়ীদের হাতে ‘বাংলা কিউআর কোড’ তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চালু হওয়া বাংলা কিউআরের মাধ্যমে গ্রাহকরা যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি হ্রাস পাবে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ক্যাশলেস ব্যবস্থার প্রসার ঘটবে।
পূবালী ব্যাংক পিএলসি রাঙ্গাবালী উপশাখার ব্যবস্থাপক মো. ওয়াসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন আকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ারুল ইসলাম হাওলাদার ও মিজানুর রহমান শাহিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের কোনো বিকল্প নেই। একক কিউআর কোড (বাংলা কিউআর) ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা অত্যন্ত সহজে কেনাকাটা ও লেনদেন পরিচালনা করতে পারবেন। বক্তারা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনের নানা সুবিধা ও নিরাপত্তার দিক তুলে ধরেন এবং স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের প্রতিদিনের লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান খান, সোহেল হাওলাদার, কবির হোসেন চৌকিদার, ইউছুফ ব্যাপারি, সেকান্দার প্যাদা, হাসান খলিফা, শওকত প্যাদাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।