নান্দাইল প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন খালটি সরেজমিনে পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় প্রতিমন্ত্রী নতুন বাজার এলাকায় পৌঁছে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং জলাবদ্ধতার কারণ ও পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পরে তিনি সংশ্লিষ্ট খালটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় নতুন বাজারসহ আশপাশের এলাকায় নিয়মিত জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ব্যবসা-বাণিজ্য, যান চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। দীর্ঘদিন ধরে তারা এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা, প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণ এবং পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা দূর করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টি করে এমন সমস্যাগুলো দীর্ঘদিন অবহেলিত রাখা হবে না। স্থানীয় জনগণের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীর সরেজমিনে খাল পরিদর্শন এবং দ্রুত পানি নিষ্কাশন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা বাস্তবায়িত হলে নতুন বাজার ও আশপাশের এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।