কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা।
পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আহমেদ আলেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামির হোসেন সাকি, ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্যফোরামের সভাপতি রুবেল খন্দকার, তাড়াইল উপজেলা ছাত্র দলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ইফতেখারুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠান। এখানে প্রতিদিন অসংখ্য রোগী ও তাদের স্বজন আসেন। তাই হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা সবার দায়িত্ব। শুধু সরকারের ওপর নির্ভর না করে সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশ পরিষ্কার করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে উপস্থিত রোগী ও স্বজনদের সচেতন করেন।