মোঃ রাসেল মৃধা (বরগুনা): , আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

তালতলীতে জমি চাষে বাধা, যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

বরগুনার তালতলীতে জমিতে জোরপূর্বক চাষাবাদে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. রাকিব (২৫) নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত রাকিবকে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাকিব ওই এলাকার মো. আবুল কালামের ছেলে।

আহত রাকিবের পরিবারের অভিযোগ, পাওয়াপাড়া এলাকায় তাদের মালিকানাধীন জমিতে স্থানীয় খোকন মাল জোরপূর্বক চাষাবাদ করতে আসেন। এ সময় রাকিব চাষাবাদে বাধা দিলে খোকন মালের নেতৃত্বে রুস্তুম, ইব্রাহিম, ইসমাইল, আলমগীরসহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি তার ওপর হামলা চালান।

পরিবারের দাবি, হামলাকারীরা চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত রাকিবের বাবা মো. আবুল কালাম বলেন, “আমাদের জমিতে জোরপূর্বক চাষাবাদ করতে আসলে আমার ছেলে বাধা দেয়। এ সময় খোকন মালের নেতৃত্বে একদল লোক আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত খোকন মালের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “মারধরের একটি খবর পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”