জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক): , আপলোডের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নান্দাইলে ঈদে-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগিতা

পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার তারেরঘাট বাজার ঈদগাহ মাঠ ময়দানে হযরত মুহাম্মদ (সা.)-এর শান-মান, মর্যাদা ও জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে কোরআন তেলাওয়াত, নাত ও হামদ প্রতিযোগিতা, ওলামায়ে কেরামের আলোচনা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাজহারুল ইসলাম রাজন ভূঁইয়া। তিনি বিএসএস (অনার্স), মাস্টার্স (সমাজকর্ম), ফাজিল (বি.এ) ও কামিল (এম.এ) ডিগ্রিধারী।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, শান-মান, মর্যাদা ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্রে ন্যায়, শান্তি, মানবতা ও কল্যাণ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনায় হাদিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হযরত মুহাম্মদ (সা.) এরশাদ করেছেন “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার কাছে তার মা-বাবা, স্ত্রী-সন্তান ও অন্য সবকিছুর চেয়ে আমি অধিক প্রিয় হই।” (বুখারী শরীফ)

অনুষ্ঠানের প্রথম পর্বে কোরআন তেলাওয়াত, নাত ও হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে ওলামায়েকেরাম হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, শান-মান ও মর্যাদা নিয়ে আলোচনা করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করেন বাবুল, সুজন ভূঁইয়া, কামাল, লিকু ভূঁইয়া, খলিল ভূঁইয়া, জসিম, সোহেল, মিঠু ভূঁইয়া, আসাদ ভূঁইয়া, নাদিম, মুন্নাসহ স্থানীয় আয়োজক ও স্বেচ্ছাসেবকরা।