ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা মো শামসুল ইসলাম ও মো: আনোয়ারুল ইসলাম রনির যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চারিত্রিক বৈশিষ্ট্য, মানবিক মূল্যবোধ, ইসলামের প্রচার-প্রসার এবং তাঁর আদর্শভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের জ্ঞান ও মেধার পরিচয় দেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আলোচনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাওলানা মো আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক মো মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আকরাম হোসাইন, প্রভাষক মোহাম্মদ আব্দুল আউয়াল নোমান প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সহনশীলতা ও সাম্যের শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মহানবী (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব।
তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদেরকে নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মহানবী (সা.)-এর জীবনাদর্শ শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে বক্তারা তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা বিস্তার এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে মাদরাসার শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করা হয়।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও মাদরাসার সার্বিক উন্নতি এবং সকলের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহিম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার শিক্ষা বহন করে। শিক্ষার্থীদের মাঝে তাঁর আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাu সৃষ্টি করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, জ্ঞানচর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে আয়োজিত অনুষ্ঠানটি সবার কাছে প্রশংসিত হয়।
উল্লেখ্য তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় চলতি বছরে দাখিল পরীক্ষায় নান্দাইল উপজেলায় প্রথম স্থান অধিকার করে। এ প্রসঙ্গে প্রিন্সিপাল মাওলানা মো আব্দুর রহিম জানান,প্রতিষ্ঠানটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। কিশোরগঞ্জ ময়মনসিংহ হাইওয়ে রোডের পাশে নরসুন্দা নদ বয়ে চলছে। অভিজ্ঞ দক্ষ শিক্ষক মন্ডলির যুগোপযোগী পাঠের মাধ্যমে ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। যেখান থেকে প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ ঘটে।