নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ , আজকের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার (২৯ আগস্ট) সকালেও অব্যাহত রয়েছে। ফলে হাজার হাজার যানবাহন আটকে পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতুর ঢাকা অভিমুখী লেনের একটি অংশ বড় গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শুক্রবার বেলা ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালীন মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে বিকল্প এক লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেয়ায় এ দীর্ঘ যানজটের সূত্রপাত হয়।

শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ একটিমাত্র লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং তা ছড়িয়ে পড়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত।

দীর্ঘ যানজটে আটকে থাকা স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় আট ঘন্টা যাবত যানজটে পড়ে আছি।

টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামের এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও আমরা একই স্থানে আটকে আছি। কী কারণে এত দীর্ঘ যানজট, তা সাধারণ যাত্রীদের জানা নেই।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার। মহাসড়কের একটি লাইন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ যানজট নিরসনের চেষ্টা করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করায় যানবাহন পর্যায়ক্রমে এক লেন দিয়ে চলাচল করছে। এ কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি স্থানে গর্ত তৈরি হয়েছে। এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আষাঢ়িয়ার চর এলাকায় ঢাকামুখী অংশের বড় গর্তগুলো মেরামতে জরুরি সংস্কারকাজ শুরু করা হয়।