মোঃ রাসেল মৃধা, (বরগুনা) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বেতাগীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, জীবনাদর্শ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরগুনার বেতাগীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেতাগী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার কবি। তাঁর সাহিত্য ও সংগীতে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবিকতার শক্তিশালী বার্তা রয়েছে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের জীবন, কর্ম ও আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে ‘শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে তাদের আগ্রহ ও জ্ঞান আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।