নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৩ প্রতিষ্ঠান ও ৪ বিশিষ্ট নাগরিক

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক।

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এবার প্রতিষ্ঠান পর্যায়ে পুরস্কার পাচ্ছে জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ), মিশন গ্রিন বাংলাদেশ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেড।

দীর্ঘদিন নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গবেষণা ও উদ্যোক্তাদের পরামর্শ দেওয়ার স্বীকৃতি হিসেবে জাস্ট এনার্জি ট্রানজিশনের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন ম্যানেজার মো. আবুল কালাম আজাদ। দেশব্যাপী সবুজায়নে অবদানের জন্য মিশন গ্রিন বাংলাদেশের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন নির্বাহী প্রধান আহসান রনি। টেকসই নগরায়ন ও সবুজায়নে অবদানের জন্য সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড টেকনোলজি লিমিটেডের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিকল্পনাবিদ আবু জুবায়ের।

ব্যক্তি পর্যায়ে গ্রীনম্যান অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ফরহাদুর রেজা, গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক ও মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের সাবেক সভাপতি মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল), বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও শিপিং রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক ফাহিম মোনায়েম এবং নিউজ২৪-এর বান্দরবান জেলা প্রতিনিধি রতন কুমার দে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আহসান। বিশেষজ্ঞ আলোচক হিসেবে থাকবেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজা।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির।

সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার এবং মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের দেশ-বিদেশের সব সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন তারা।

পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখা এবারের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সবুজ আন্দোলন।