বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাগেরহাট জেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলার বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার।
বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাগেরহাট জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, শিক্ষক মো. রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান ও যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল। মিফতা উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় নবনির্বাচিত আহ্বায়ক প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার বলেন, দেশের মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে আসছেন। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণসহ শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
এদিকে, বাগেরহাট জেলা শিক্ষক সমিতির নতুন কমিটিতে মোরেলগঞ্জের প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার আহ্বায়ক নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে, প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করে আসছেন। তিনি মোরেলগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া মোরেলগঞ্জ উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দায়িত্ব পালন করছেন।