মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদর ভাইয়ের

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে দুই সহোদর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মৃত মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও তার ছোট ভাই মানিক বাছাড় (৪২)। তারা দুজনই দিনমজুর হিসেবে কৃষিকাজ করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুই ভাই মহিষপুরা-হোগলাপাশা গ্রামের তাদের ভগ্নিপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রির জমিতে বীজতলা রোপণের কাজে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে মারা যান।

বজ্রপাতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি মহিষপুরা পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

মহিষপুরা পুলিশ ফাঁড়ির টু-আইসি এএসআই ঝন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বিধান বাছাড় স্ত্রী শিখা রানী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। অপরদিকে তার ছোট ভাই মানিক বাছাড় স্ত্রী বিথি রানী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

দুই সহোদর ভাইয়ের আকস্মিক মৃত্যুর ঘটনায় হোগলাপাশা ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের আবহ।

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ জানান, খবর পাওয়ার পরপরই ফাঁড়ি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।