আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়তে আদমদীঘি ইউনিয়নে পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বুধবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। অভিযান চলাকালে এলাকার বিভিন্ন খাল ও ড্রেনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার করা হয়। কর্মসূচি উদ্বোধনে উপস্থিত ছিলেন আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম জানান, অপরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন, বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্থানীয়দের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, পরিবেশবান্ধব আদমদীঘি ইউনিয়ন গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।