আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

আমতলীতে বসতঘরে হামলা, খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ

বরগুনার আমতলীতে বসতঘরে হামলা, ভাঙচুর, খড়ের গাদায় আগুন দেওয়া, চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মমতাজ বেগম নামে এক নারী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ অভিযোগ দায়ের করেন মমতাজ বেগম। মামলায় পশ্চিম চিলা গ্রামের আঃ লতিফ খান, শাহজাহান খান, দুলাল বয়াতী, আনেচ গাজী, জুয়েল গাজী ও রাজ্জাককে আসামি করা হয়েছে।

মামলার বাদী মমতাজ বেগমের অভিযোগ, তাঁর স্বামী বর্তমানে কারাগারে থাকায় তিনি বাড়িতে একা বসবাস করছেন। দীর্ঘদিন ধরে অভিযুক্তরা তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হন।

অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশ করে দরজা খুলতে বলেন এবং গালাগাল করেন। দরজা না খোলায় তারা ঘরের দরজা-জানালা কোপানো ও পিটিয়ে ভাঙচুর করেন। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

পরে হত্যার হুমকি দিয়ে আবারও দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন মমতাজ বেগম। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাড়ির পাশে রাখা নাড়াখড়ের গাদায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

এতে খড়ের গাদা পুড়ে যায়। পাশাপাশি আগুনের তাপে নারিকেল, সুপারি, কলাসহ বিভিন্ন গাছপালারও ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে।

মমতাজ বেগমের ভাষ্য, ভয়ে তিনি ঘরের ভেতর থেকে পুরো ঘটনা দেখলেও কোনো প্রতিরোধ করতে পারেননি। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হত্যার হুমকি দিয়ে চলে যান।

অভিযোগের বিষয়ে দুলাল বয়াতীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের ফাঁসাতে মমতাজ বেগম নিজেই খড়ের গাদায় আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

মামলাটি বর্তমানে আদালতের প্রক্রিয়াধীন রয়েছে।