দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

হরিরামপুরে ছাত্রদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য

মানিকগঞ্জের হরিরামপুরে অবৈধভাবে পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে।

উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া এলাকায় প্রায় দুই সপ্তাহ ধরে একটি পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তুলে পাশের একটি জমি ভরাট করা হচ্ছে। এতে পুকুরের আশপাশের জমি ভাঙন ও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, চরপাড়া এলাকায় রতন মিয়া ওরফে বাচ্চু মিয়ার পুকুরে ড্রেজার বসিয়ে মাটি কাটা হচ্ছে। পরে ওই মাটি পাশের ওয়াজেদ আলীর জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে। কয়েক দিন ধরে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

পুকুরের মালিক রতন মিয়া বলেন, খালিদ সাইফুল্লাহ জিকুর কাছে প্রতি ঘনফুট মাটি ২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছেন তিনি। তাঁর কাছ থেকে মাটি কিনে ড্রেজারের মাধ্যমে কয়েক দিন ধরে পুকুর থেকে মাটি তোলা হচ্ছে। উত্তোলন করা মাটি পাশের জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় নিয়ম না মেনে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এভাবে পুকুরের মাটি কাটতে থাকলে এর পাড় ভেঙে আশপাশের জমি ক্ষতিগ্রস্ত হবে।

অভিযোগের বিষয়ে খালিদ সাইফুল্লাহ জিকুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে হরিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন বলেন, বিষয়টি আমি অবগত। ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁর প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্ম বা অবৈধ ব্যবসা করার সুযোগ নেই। ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসারও সুযোগ নেই। কারও ব্যক্তিগত দায় সংগঠন নেবে না। কেউ ছাত্রদলের ব্যানারে থেকে ড্রেজার ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।