মো. রাসেল মৃধা, বরগুনা প্রতিনিধি:  , আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বরগুনা হাসপাতালে নার্সকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত নার্স মাবিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই হাসপাতালের অফিস সহায়ক মহসিনের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা সিভিল সার্জন ও হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল ফাতাহর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই নার্স।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যোগদান করা নার্স মাবিয়া এক রোগীকে ক্যানুলা পরানোর কাজ করছিলেন। এ সময় অফিস সহায়ক মহসিন তাঁর এক আত্মীয়ের কাজ আগে করে দেওয়ার জন্য নার্সকে অনুরোধ করেন। তবে চলমান কাজ শেষ করার পর তাঁর আত্মীয়ের কাজ করে দেওয়ার কথা জানালে মহসিন ক্ষিপ্ত হয়ে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নার্স মাবিয়ার অভিযোগ, মহসিন তাঁকে উদ্দেশ করে ‘তুই আমাকে চিনিস, তোর বাড়ি কোথায়’সহ বিভিন্ন কথা বলেন এবং দেখে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মো. আবুল ফাতাহ বলেন, ‘মহসিনের বিরুদ্ধে নার্স মাবিয়া একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে হাসপাতালসংশ্লিষ্ট স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও মহসিনকে ঘিরে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছিল। তাদের ভাষ্য, আগের অভিযোগগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া হলে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি নাও ঘটতে পারত।

এ ছাড়া স্থানীয় কয়েকজন মহসিনের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজন হলে ডোপ টেস্টসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে হাসপাতালের কর্মী ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগটির সুষ্ঠু তদন্তের দাবি উঠেছে।

তবে নার্স মাবিয়ার করা অভিযোগ এবং তাঁর বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগের বিষয়ে অফিস সহায়ক মহসিনের বক্তব্য পাওয়া যায়নি।

তদন্ত কমিটির প্রতিবেদনের পরই অভিযোগগুলোর সত্যতা ও পরবর্তী ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।