​ঝালকাঠি প্রতিনিধি: , আপলোডের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

ঋণের টাকাই কাল হলো পলাশের, দুই অবুঝ সন্তানকে কোলে নিয়েই ঘাতক স্ত্রী আদালতে

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর ঋণ নেওয়া এবং পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজার (২৫) হাতুড়ি ও শাবলের আঘাতে খুন হয়েছেন ওষুধ ব্যবসায়ী খায়রুল ইসলাম পলাশ (৪৫)। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে প্রধান অভিযুক্ত স্ত্রী লিজাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) পুলিশ অভিযুক্ত লিজাকে গ্রেফতার করে ঝালকাঠি কোর্টে প্রেরণ করে। এ সময় লিজার কোলে তাঁদের চার বছরের কন্যা জায়ান এবং মাত্র দুই মাস বয়সী শিশু রুকাইয়াকে দেখা যায়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খায়রুল ইসলাম পলাশ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ঢাকার জুরাইন মুরাদপুর এলাকায় বসবাসের পর সম্প্রতি তিনি কাঁঠালিয়া সদর ইউনিয়নের দক্ষিণ আউড়া গ্রামে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন এবং স্থানীয় সুন্দরবন বাসস্ট্যান্ডে একটি ফার্মেসি চালু করেন।

​স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি স্বামী পলাশকে না জানিয়ে লিজা যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়ে সমবায় অফিস থেকে ঋণ গ্রহণ করেন এবং সেই টাকা তাঁর বান্ধবী পূর্ণিমা মল্লিককে তুলে দেন। এই ঋণের টাকা ও বান্ধবীকে দেওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তাঁদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লিজা ক্ষিপ্ত হয়ে ঘর থেকে হাতুড়ি ও শাবল এনে পলাশের মাথায় ও শরীরে সজোড়ে আঘাত করেন।

​এতে পলাশ গুরুতর জখম হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​এদিকে নিজস্ব পুকুর ও মাছ চাষের সুবিধা থাকা সত্ত্বেও প্রকৃত মৎস্যচাষিরা সমবায় কার্যালয় থেকে ঋণ পাচ্ছেন না, অথচ পুকুর না থাকা সত্ত্বেও লিজা কীভাবে লোন পেলেন—এ নিয়ে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃত চাষিদের বঞ্চিত করে অযোগ্যদের ঋণ দেওয়ার পেছনে সমবায় অফিসের অনিয়ম ও স্বজনপ্রীতি রয়েছে বলে অভিযোগ তুলছেন স্থানীয়রা।

​এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাপ্পীর কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমরা অবগত হয়েছি। ঋণ বিতরণে কোনো অনিয়ম বা স্বজনপ্রীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।”

​ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম।

​মামলার বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, নিহতের চাচাতো ভাই মিরাজুল ইসলাম বাদী হয়ে ইসরাত জাহান লিজাকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

​ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ আলম জানান, “অভিযুক্ত ইসরাত জাহান লিজাকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। তাঁর সাথে দুটি অবুঝ কন্যাসন্তান রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”