এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি:
‘Literacy for People, the Planet and Prosperity’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নান্দাইল উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, স্কুল থেকে পিছিয়ে পড়া ও ঝরে পড়া শিশুদের চিহ্নিত করে তাদের আবারও বিদ্যালয়মুখী করতে হবে। কোনো শিশু যেন অর্থনৈতিক, পারিবারিক কিংবা সামাজিক কারণে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, একটি শিশুর সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। শিক্ষার আলো থেকে কোনো শিশুকে দূরে রাখা যাবে না। বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের খুঁজে বের করে তাদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে শিক্ষক, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, অভিভাবক এবং সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ইউএনও বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, আত্মনির্ভরশীলতা অর্জন এবং একটি উন্নত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীই পারে সমাজ ও দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।
তিনি বলেন, শিশুদের বিদ্যালয়ে ধরে রাখতে পরিবার ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে কিংবা ঝরে পড়ার ঝুঁকিতে থাকলে তার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেসা, সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজী, শিক্ষক নেতা আমিনুল ইসলাম আনজু, রফিকুল ইসলাম খান নাসিম, জাকির আহমেদ তুহিন ও মোহাম্মদ জিকরুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি ঝরে পড়া ও বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসা জরুরি। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, একটি শিশুকে শিক্ষিত করে গড়ে তোলা মানে শুধু একটি ব্যক্তির ভবিষ্যৎ নিশ্চিত করা নয়, বরং একটি পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎকে শক্তিশালী করা। তাই নান্দাইল উপজেলায় কোনো শিশু যাতে শিক্ষার সুযোগ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।