এম আর বাবুল ভ্রাম্যমাণ রিপোর্টার : , আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

সভায় সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী।

সভায় জামালপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, চোরাচালান প্রতিরোধ, যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধসহ জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাবে।

তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হতে হবে। অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

তিনি আরও বলেন, জামালপুর জেলার উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে সভাকে অবহিত করেন।

সভায় জামালপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর অভিযান পরিচালনা এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ বাড়ানোর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জামালপুরকে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।