ময়মনসিংহের নান্দাইলে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় নির্ধারণে আন্তঃসংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাগরিক কণ্ঠ ও কাজ (সিটিজেন ভয়েস অ্যান্ড অ্যাকশন সিভিএ) শীর্ষক এ আন্তঃসংলাপ অনুষ্ঠিত হয়। নান্দাইল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সিভিএ দল, নান্দাইল এ আয়োজন করে।
নান্দাইল ঘাসফুল যুব ফোরামের সভাপতি নুসরাত জাহান সাথী ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ রাকিবের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
আন্তঃসংলাপে কমিউনিটি ক্লিনিকগুলোর ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার মান, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা উপকরণের প্রাপ্যতা, রোগীদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ক্লিনিকগুলোর সেবার মান বাড়াতে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ এবং সরকারি দপ্তর, স্থানীয় জনগণ ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুকসুদ আলী, উপজেলা মেডিকেল অফিসার ডা. এনামুল হক রুচি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফরে আলম, নান্দাইল এপি ম্যানেজার সাগরজন কস্তা, সাংবাদিক হান্নান মাহমুদ, সিভিএ প্রতিনিধি মাহফুজ উল্লাহ ভূঁইয়া সোহেল এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রুহুল আমীন।
সভায় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও সেবার মান আরও উন্নত করা গেলে সাধারণ মানুষ সহজে ও কম খরচে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাবেন। এ জন্য স্থানীয় জনগণের মতামত, অভিযোগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সভায় কমিউনিটি ক্লিনিকগুলোর বর্তমান সেবার পরিস্থিতি পর্যালোচনা করে সেবার মানোন্নয়নে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ, যুবসমাজ ও নাগরিক সংগঠনগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।