নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণ বন্ধে অভিযান চালিয়ে একটি টেক্সটাইল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৮(ক) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কাঠালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান ইমন। অভিযানে আড়াইহাজার থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় ছালাইউদ্দিন আহমেদ টেক্সটাইল (প্রা.) লিমিটেড, কাঠালিয়াপাড়া, দুপ্তারা, আড়াইহাজারকে ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাশেদ বলেন, বায়ুদূষণসহ পরিবেশের ক্ষতি করে এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।