নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা

পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ময়মনসিংহের নান্দাইলে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭নং মুশুলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে তারেরঘাট বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় আয়োজিত কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুশুলী ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. ফুরকান উদ্দিন ও সদস্য সচিব মো. ওমর ফারুক মাস্টারের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি তারেরঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে জননিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন মুশুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ওমর ফারুক মাস্টার, যুবদল নেতা মো. আলামিন ও মজিবুর রহমান ফয়সাল।

এ সময় উপস্থিত ছিলেন মুশুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, সদস্য মো. এনামুল হকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভার শেষপর্বে মুশুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ফুরকান উদ্দিন সমাপনী বক্তব্য দেন। তিনি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা এবং যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।