এম আর বাবুল নান্দাইল প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ময়মনসিংহের নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) তিনি কলেজে গিয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি কলেজের শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময়কালে শিক্ষার গুণগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ইয়াসের খান চৌধুরী এমপি বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ যত সুন্দর ও শিক্ষাবান্ধব হবে, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ তত বেশি হবে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব।

এ সময় কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও শিক্ষা কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা দিতে কলেজ প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা সবুজ ও পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার আহ্বান জানান।