নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির

নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চেয়েছিলাম। এটা হলো কমিশনারদের সিলি আনসার। মুখ বাঁচানোর জন্য উনারা বলেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়া প্রসঙ্গে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ইসির যিনি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য যারা আছেন, তাদের বাড়ি বাংলাদেশে না। তাদের বাড়ি দুনিয়ার অন্য কোনো দেশে, যার কারণে বাংলাদেশের কোনো খোঁজখবর রাখেন না।

​ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশন (উনারা) আগে জানতেন না ডিসেম্বরে কিংবা জানুয়ারি-ফেব্রুয়ারিতে পরীক্ষা বিভিন্ন লেভেলে থাকে এবং এটা সারা বছর চলতে থাকে।

ভারত তথা জাতিসংঘ উদ্যোগী হলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু একটি আন্তর্জাতিক ইস্যু। মুক্তি পেতে একমাত্র সমাধান নিজ দেশে সসম্মানে ফিরে যাওয়া, কিন্তু এই অবস্থা এখনও তৈরি হয়নি। এই ইস্যুতে বাংলাদেশ কিছুই করতে পারেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে আলাপকালে তাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে নিজেদের অবস্থান জানিয়েছেন বলেও জানান তিনি। চীন, ভারত তথা জাতিসংঘ উদ্যোগী হলে রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব।

রোহিঙ্গাদের বিশাল জনগোষ্ঠী অনাদর, অবহেলা অশিক্ষায় বেড়ে উঠছে; যা আগামীর জন্য এ অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি বলেন বিরোধীদলীয় এই নেতা।

এসময় তিনি সাংবাদিকদের কাছ থেকে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত শুনেন এবং সেগুলোর উত্তর দেন।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ব্যাপারে ডা.শফিকুর রহমান বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় দ্রব্যমূল্যই কেবল নয়, যাতায়াত খরচও বেড়েছে৷ বিরোধী দল রাজপথে সমাধান চায়নি, সংসদে চেয়েছিল। ৬৮ বিধিতে নোটিশ দিয়ে আলোচনা হয়েছিল। বিদ্যুৎ ক্ষেত্রে এক্সপার্ট টেকনিক্যাল টিম দিতে চাইলেও সরকার গ্রহণ করেনি।

দেশের শান্তি ও গণতন্ত্র সুসংহত রাখতে সরকারকে অনুরোধ করে তিনি বলেন, সরকারের যেন দায়িত্বশীল বক্তব্য দেন। তার মতে, সরকারি দল যদি নিজেই আইনশৃঙ্খলার ভায়োলেন্স করলে কিছু বলার থাকে না।

মিডিয়ার ওপর ‘ওপরের’ চাপ আছে, এটা সবাই বুঝে ‘ওপরের’ চাপ কী। কিন্তু বলে না। গণমাধ্যম ভয়ের সংস্কৃতি নিয়ে কাজ করছে বলেন তিনি।

সারাদেশে হামে শিশু মৃত্যুর বিষয়টি দুঃখজনক জানিয়ে তিনি বলেন, সারাদেশে নানা সমস্যা বিদ্যমান থাকলেও সংসদে নেই। জেলা সদরের মতো নাকি উপজেলায় সদরেও আইসিইউ দিয়ে দিবে, এগুলো অবাস্তব কথা। সবকিছুতে লুকোচুরির মানসিকতা বিদ্যমান। হামের টিকা নিয়ে তেলেসমাতি করা হয়েছে।