বরগুনায় যুবসমাজকে খেলাধুলামুখী ও মাদকমুক্ত রাখতে আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আমতলী একে সরকারি হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির উদ্দিন ফকির, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মিরাজ মৃধা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টারজান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মামুন সিকদার এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী জামান রাকিব।
টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে এডিএস হলদিয়া ও বটতলা ফাইটার্স মুখোমুখি হয়। খেলায় বটতলা ফাইটার্সকে ১-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করে এডিএস হলদিয়া।
টুর্নামেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সফিউল বাসার লালন। কো-চেয়ারম্যান হিসেবে রয়েছেন পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কাওসার সিকদার। খেলায় সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কবির সিকদার।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। যুবসমাজকে এসব থেকে দূরে রেখে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়বে বলেও তারা মনে করেন।
আয়োজকরা আরও জানান, প্রতিবছরই তারা যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে বিভিন্ন ক্রীড়া আয়োজন করে থাকেন। এবারও ১৬টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতেও দর্শকদের উপস্থিতি ও সহযোগিতা প্রত্যাশা করেছেন আয়োজকরা।