“মাটি ও মানুষের জন্য পথচলা—সেবা, স্বচ্ছতা, উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের বিস্তারিত পরিকল্পনা ও নির্বাচন ঘোষণা করেছেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম।
এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করে তিনি বলেন, তিনি কখনো শাসক হতে চান না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে তাদের পাশে থাকতে চান। একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন গড়ার লক্ষে তিনি আগামী পাঁচ বছরের জন্য একগুচ্ছ যুগান্তকারী উন্নয়ন পরিকল্পনা ও অঙ্গীকার জাতির সামনে তুলে ধরেন।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নাগরিক সেবা: ইউনিয়ন পরিষদের সকল সেবা ডিজিটাল ও জনবান্ধব করা হবে। শতভাগ অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশ সনদ নিশ্চিত করা হবে। প্রতি বছর জনগণের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট ঘোষণা এবং আয়-ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশ করা হবে। এছাড়া ইউনিয়ন পরিষদে দৃশ্যমান ‘সিটিজেন চার্টার’ টাঙিয়ে সেবা পাওয়ার নির্দিষ্ট সময় ও সরকারি ফি নির্ধারণ করে দেওয়া হবে।
স্বচ্ছতার সাথে সামাজিক সুরক্ষা ভাতা বণ্টন: বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং টিসিবি কার্ডের তালিকা তৈরিতে যেকোনো ধরনের রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। কোনো প্রকার ঘুষ বা অনৈতিক সুবিধা ছাড়াই প্রকৃত ও অসহায় মানুষ যাতে এসব সুবিধা পান তা নিশ্চিত করা হবে।
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন: ইউনিয়নের অবহেলিত কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে পাকাকরণ ও দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে। হাট-বাজার ও প্রধান গ্রামগুলোতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং নির্দিষ্ট বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের অর্থায়নে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সোলার স্ট্রিট লাইট স্থাপন করে রাতের নিরাপত্তা জোরদার করা হবে।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন যুবসমাজকে সাথে নিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা হবে। গুরুত্বপূর্ণ জনবহুল স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গ্রাম পুলিশের টহল বাড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে।
যুবসমাজ, শিক্ষা ও কর্মসংস্থানমুখী পদক্ষেপ: যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও খেলার মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। বেকার তরুণ-তরুণীদের স্বাবলম্বী করতে ফ্রি কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা সহায়তা তহবিল গঠন করা হবে।
কৃষক ও ব্যবসায়ী কল্যাণ: কৃষিপ্রধান এই ইউনিয়নের কৃষকদের জন্য সঠিক সময়ে বীজ, সার ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। স্থানীয় হাট-বাজারের নিরাপত্তা বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রাপ্তি সহজ করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা হবে।
ইনসাফভিত্তিক গ্রাম আদালত: গ্রাম আদালতকে সম্পূর্ণ সক্রিয় ও দলনিরপেক্ষ রাখা হবে, যাতে সাধারণ মানুষ কোনো হয়রানি ছাড়াই ক্ষুদ্র পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা করতে পারেন।
একটি সুন্দর, সমৃদ্ধ এবং জনকল্যাণমুখী শৌলজালিয়া ইউনিয়ন গড়ে তুলতে আগামী দিনে ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সুপরামর্শ এবং মূল্যবান রায় প্রত্যাশা করেছেন মোঃ জিয়াউল মোর্শেদ সাদ্দাম।