নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

তাড়াইলে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার, ওলামা দলের তিন কমিটিতেও নাম

কিশোরগঞ্জের তাড়াইলে শাহ আলম ভূঁইয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তাড়াইল থানা পুলিশ। তিনি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের তাড়াইল উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে ছিলেন বলে পুলিশ ও সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে।

শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ আলম ভূঁইয়া ওই গ্রামের মৃত মজিবুর রহমান (মেঘো)-এর ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া তাড়াইল থানার এসআই ফোরকান আহমেদ জানান, শাহ আলম ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের তাড়াইল উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক।

পুলিশ সূত্রে জানা গেছে,রাতে শাহ আলম ভূঁইয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নেওয়া হয়। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে,তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে শাহ আলম ভূঁইয়ার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত বিভিন্ন কমিটির অনুমোদিত কপি পর্যালোচনা করে দেখা যায়,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের তাড়াইল উপজেলা শাখার তিনটি কমিটিতে তার নাম রয়েছে।

নথি অনুযায়ী, ২০১৯ সালের আহ্বায়ক কমিটিতে শাহ আলম ভূঁইয়ার নাম ১৯ নম্বর সদস্য হিসেবে রয়েছে। ২০২২ সালের আহ্বায়ক কমিটিতে তাকে যুগ্ম আহ্বায়ক এবং ২০২৫ সালের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০২১ সালের তাড়াইল উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতেও শাহ আলম ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, প্রতিবেদকের কাছে থাকা অনুমোদিত নথি অনুযায়ী,আওয়ামী মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের মোট চারটি কমিটিতে বিভিন্ন সময়ে শাহ আলম ভূঁইয়ার নাম পাওয়া গেছে।

তবে এসব কমিটিতে তার দায়িত্বের সময়কাল, পরবর্তী সময়ে পদ পরিবর্তন,অব্যাহতি বা সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনগুলোর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তাড়াইল উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ রুহুল আমিন বলেন,ধৃত শাহ আলম ওলামা দলের একজন দক্ষ ও নিবেদিত কর্মী। শাহ আলম ভূঁইয়া রাজনীতিতে প্রতিহিংসার শিকার।

তবে শাহ আলম ভূঁইয়াকে গ্রেফতারের কারণ, সংশ্লিষ্ট মামলার নম্বর এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের কাছ থেকে আরও তথ্য পাওয়া গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।