মো. রাসেল মৃধা, (বরগুনা): , আপলোডের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বরগুনার সাংবাদিক ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং গ্রেফতারের সময় তাঁর সঙ্গে সংঘটিত অমানবিক আচরণের সুষ্ঠু তদন্তের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ ঘোষণা দেন বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

বৈঠকে পুলিশ সুপার কুদরত-ই-খুদা সাংবাদিক আসাদ সবুজকে গ্রেফতারের সময় হেনস্তা ও অমানবিক আচরণের অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের কথা জানান। আগামী ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এ ছাড়া আসাদ সবুজের বিরুদ্ধে দায়ের করা মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং যে ভূমিসংক্রান্ত ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তিনি চাঁদাবাজির মামলার আসামি হয়েছেন বলে অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন পুলিশ সুপার।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে। গণমাধ্যমকে দুর্বল করে গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তাঁরা আরও বলেন, সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের ঘটনায় যথাযথ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে আগামী ৮ নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুদরত-ই-খুদা, জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আরিফ রহমান ও আমির হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, কেন্দ্রীয় নেতা রাহাদ সুমন, জামাল হোসেন খান ও দানিসুর রহমান লিমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন বেতাগী শাখার সভাপতি মো. হাসান, সদস্য এনাম আহমেদ মাসুদ ও রাসেল মৃধা, দুমকি শাখার সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মামুন, বরগুনা জেলা শাখার সদস্য আসাদ তালুকদার ও রাসেল সিকদার এবং প্রেসক্লাব সদস্য কাশেম হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা।

এদিকে মামলাটি বিএমএসএফের পক্ষ থেকে পরিচালনা করবেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের। আগামীকাল রোববার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে বিএমএসএফ নেতারা স্পষ্ট করেন, সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং গ্রেফতারের সময় সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।