মো. রাসেল মৃধা, বরগুনা প্রতিনিধি:  , আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

বরগুনায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির দিন আগামী ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

রবিবার (৪ অক্টোবর) বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন জানান, রবিবার আদালতে জামিনের আবেদন করা হলে বিজ্ঞ বিচারক আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) শুনানির দিন নির্ধারণ করেন।

এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাসসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলাটির বাদী সুভাষ ঘোষ। এতে আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।

বিএমএসএফের দাবি, সুভাষ ঘোষের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় সাংবাদিক আসাদ সবুজকে মামলায় আসামি করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এদিকে, সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএমএসএফ। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিএমএসএফ নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।