রাসেল মৃধা, (বরগুনা): , আপলোডের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বেতাগীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরগুনায় বেতাগীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা ও প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় বেতাগী উপজেলা প্রশাসনের হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসক মুহ. সাদ্দাম হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে যাওয়া প্রাক্তন শিক্ষকদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও পৃথক কর্মসূচি পালন করা হয়। মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রাক্তন শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এ সময় শিক্ষার্থীদের গড়ে তোলা এবং শিক্ষা বিস্তারে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা।

এদিকে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অন্যদিকে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে তাঁদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, “শিক্ষকেরা আমাদের সন্তানের মতো করে দেখেন। আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে তাঁরা আপ্রাণ চেষ্টা করেন। তাঁদের পরিশ্রম ও ত্যাগের কারণেই আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারি।”

আলোচনা সভাগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তাঁদের প্রাক্তন শিক্ষকদের কর্মজীবনের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তাঁদের অবদান স্মরণ করেন।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়ার আহ্বান জানান তাঁরা।

দিনব্যাপী এসব কর্মসূচিতে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।