মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সানকিভাঙা গ্রামে পুরোনো একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কেটে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কয়েক গ্রামের শিক্ষার্থী, মুসল্লি, রোগীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় পাঁচ ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সানকিভাঙা থেকে বদনিভাঙাগামী মাটির রাস্তাটি কেটে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ দুটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মসজিদ ও হাটবাজারে যাতায়াত করেন। পথটি বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রতিষ্ঠানে যাতায়াতে ভোগান্তি তৈরি হয়েছে।

এ ঘটনায় মো. শাহাদাত হাওলাদারসহ পাঁচজন অভিযোগ দায়ের করেন। অভিযোগে সোহেল তালুকদার, জহির হাওলাদার, জুয়েল হাওলাদারসহ পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযুক্তদের একজন জুয়েল হাওলাদার বলেন, রাস্তাটি তাঁর চাচার ব্যক্তিমালিকানাধীন জমিতে অবস্থিত। জনস্বার্থে আগে জমি থেকে রাস্তা সরিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে বিকল্প রাস্তা তৈরি করে আগের পথটি বন্ধ করা হয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, রাস্তা কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন। শিগগিরই বিষয়টি তদন্ত করে রাস্তাটি জনসাধারণের চলাচলের উপযোগী করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।