​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ঢেউটিন বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনে বিশেষ অনুদান প্রদান করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৩১টি পূজা মণ্ডপের জন্য ৬২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

​বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নান্দাইল উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে এক অনাড়ম্বর ও সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঢেউটিন বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সংশ্লিষ্ট পূজা মণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ঢেউটিন গ্রহণ করেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে , সে জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে পূজা মণ্ডপগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক সহায়তার জন্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতি মণ্ডপের অনুকূলে ২ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে, যা সংশ্লিষ্ট মণ্ডপের উন্নয়নে কাজে লাগবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পুজামন্ডপের জন্য পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।

ঢেউটিন বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলেই দেশের প্রতিটি পূজামণ্ডপে সুষমভাবে অনুদান ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির এই সময়োপযোগী ও অসাম্প্রদায়িক উদ্যোগ নান্দাইল উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

​ঢেউটিন গ্রহণকারী পূজা মণ্ডপের প্রতিনিধিরা প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহায়তার ফলে মণ্ডপগুলোর প্রস্তুতি আরও সুন্দর ও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।