আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সেমিফাইনালে চাঁপাপুর ইউনিয়ন পরিষদকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হওয়ার অপেক্ষায় আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ ও সান্তাহার পৌরসভা। এখন ক্রীড়াপ্রেমীদের মনে একটাই প্রশ্ন চ্যাম্পিয়ন হবে কে, আদমদীঘি সদর নাকি সান্তাহার?

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে চাঁপাপুর ইউনিয়ন পরিষদকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে সান্তাহার পৌরসভা।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান সান্তাহার পৌরসভা প্রশাসক মাসুমা বেগম ও সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার। আগামী ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ প্রশাসকের ফুটবল দল ও সান্তাহার পৌরসভা প্রশাসকের ফুটবল দল। দুই প্রশাসকের প্রতিনিধিত্বকারী দলের এই লড়াইকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শেষ পর্যন্ত কার হাতে উঠবে চ্যাম্পিয়নের ট্রফি তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।

এর আগে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় একই মাঠে আটটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং আদমদীঘি সদর ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকারসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।