রিপোর্টারের নাম , আপলোডের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সম্ভাব্য মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের মণ্ডপ পরিদর্শন, নানা প্রতিশ্রুতি

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে বরগুনার আমতলীতে সরগরম হয়ে উঠেছে বিএনপির রাজনৈতিক মাঠ। সম্ভাব্য মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীরা পৃথকভাবে পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি মণ্ডপের উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁদের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভক্তিও আলোচনায় এসেছে।

উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি রাজনৈতিক নেতাদের পদচারণায় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মণ্ডপ কর্তৃপক্ষও অতিথিদের স্বাগত জানাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর থেকে আমতলী উপজেলায় শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। উপজেলার ১৬টি মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের পাশাপাশি সম্ভাব্য জনপ্রতিনিধি প্রার্থীরা মণ্ডপগুলো পরিদর্শন করছেন। এর মধ্যে আমতলী পৌরসভার চারটি মণ্ডপে তাঁদের উপস্থিতি বেশি লক্ষ করা যাচ্ছে।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির পৃথকভাবে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ ছাড়া ইউনিয়ন পর্যায়েও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে।

গুলিশাখালী ইউনিয়নে অ্যাডভোকেট জসিম উদ্দিন, তোফাজ্জেল হোসেন ও ফারুক আকন; আঠারোগাছিয়া ইউনিয়নে মো. মোশাররফ হোসেন হিরু, মো. রফিকুল ইসলাম রিপন, ফারুক মৃধা ও নজরুল ইসলাম; কুকুয়া ইউনিয়নে অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. কায়েসুর রহমান ফকু ও অ্যাডভোকেট মো. মাহবুব আলম পূজামণ্ডপ পরিদর্শন করছেন।

এ ছাড়া হলদিয়া ইউনিয়নে মো. মকবুল আহমেদ খাঁন, মো. লিমন হাওলাদার, মো. মাহবুব মৃধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মিন্টু মল্লিক; চাওড়া ইউনিয়নে অ্যাডভোকেট মহসিন মিয়া ও মো. মেহেদী জামান রাকিব এবং আমতলী সদর ইউনিয়নে মো. ফরহাদ ফকির, জালাল উদ্দিন মৃধা, মো. আমিনুল ইসলাম ও তরিকুল ইসলাম সোহাগ মণ্ডপ পরিদর্শন করছেন। তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজা উদযাপন ও মণ্ডপের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিচ্ছেন।

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মোশাররফ হোসেন হিরু বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্যই মণ্ডপ পরিদর্শন করেছি।”

হলদিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খাঁন বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবেই পূজা উদযাপন করছেন।”

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন, সে জন্যই মণ্ডপ ঘুরে দেখেছি। দেবী দুর্গার আশীর্বাদে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সুখে-শান্তিতে থাকতে পারেন, সেই প্রত্যাশা করি।”

উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, “দায়িত্ববোধ থেকেই মণ্ডপ পরিদর্শন করছি। ভালোভাবেই পূজা উদযাপিত হচ্ছে। সব সময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা আমার ভাই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মণ্ডপ পরিদর্শন করছি, যাতে তাঁরা ভালোভাবে পূজা উদযাপন করতে পারেন।” আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত পেলে তিনি নির্বাচন করবেন।

আমতলী উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, “শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।”

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, উপজেলার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত পুলিশ প্রশাসন সজাগ ও সতর্ক থাকবে।