বাগেরহাটের মোরেলগঞ্জে খাল থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত কিশোরের নাম মফিজুল ইসলাম হাওলাদার (১৪)। সে উপজেলার কামলা গ্রামের দিনমজুর হাবিবুর রহমান হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ঠোডার বাজারসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর মফিজুল আর ফিরে আসেনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, নিহত কিশোরের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এটি হত্যা নাকি দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।