নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামী বছর দেশের জাতীয় গ্রিডে নতুন করে আরো ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তারেক রহমান জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য কেবল বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, বরং উৎপাদনের সামগ্রিক খরচ কমিয়ে আনাও বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

পরিবেশবান্ধব ও সাশ্রয়ী শক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি সৌরবিদ্যুতের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারগুলোর ব্যর্থতা কিংবা ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমি মনে করি, আগামী দিনগুলোতে কীভাবে বিদ্যুতের চাহিদা মেটানো যায়, বাসাবাড়ি এবং ব্যবসা-বাণিজ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, বর্তমান সরকারের কাছে সেটাই অগ্রাধিকার।

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’— এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

উদ্বোধনী পর্বে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ দেশি-বিদেশি খাতসংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।