নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ২৫ নভেম্বর রেড ক্রিসেন্টের নির্বাচন

নির্বাচনী তফসিল ঘোষণায় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা

দীর্ঘ প্রতীক্ষা ও নানা আলোচনা-পর্যালোচনার পর অবশেষে আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মানবিক সেবায় নিবেদিত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন। নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ভোটার ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা, প্রত্যাশা ও প্রাণচাঞ্চল্য।

সরকারের আন্তরিকতা, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যাশার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাওয়াকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের প্রতীক্ষার পর একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ প্রভাবমুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভোটারদের অনেকে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর ভোটার ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

ভোটারদের প্রত্যাশা, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতায় নির্বাচনটি হবে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণার কথা রয়েছে।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ নির্বাচন কেবল একটি ব্যবস্থাপনা পর্ষদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না; বরং প্রতিষ্ঠানের গণতান্ত্রিক চর্চা, প্রাতিষ্ঠানিক মর্যাদা, স্বচ্ছতা ও জবাবদিহি সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। নির্বাচিত নেতৃত্বের দূরদর্শী, দায়িত্বশীল ও মানবিক পদক্ষেপে রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে—এমন প্রত্যাশাই এখন ভোটার ও সচেতন মহলের।