দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি: , আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে নালী ইউপি চেয়ারম্যান প্রার্থী জুয়েল মাহমুদের গণসংযোগ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৭নং নালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ করেছেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা জুয়েল মাহমুদ খান।

শুক্রবার (৬ নভেম্বর) তিনি ইউনিয়নের কলতা বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজের প্রার্থিতার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

গণসংযোগকালে জুয়েল মাহমুদ খান বলেন, এর আগেও আমি একবার নির্বাচনে অংশ নিয়েছিলাম। তখন জনগণ আমাকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে হয়তো নির্বাচিত হতে পারিনি।

তবে ২০২৭ সালের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এবার নালী ইউনিয়নের প্রতিটি বাজার ও ঘরে ঘরে গিয়ে প্রচারণা চালাচ্ছি। মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠক ও পথসভার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি। আমি আশাবাদী, ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে আমি নিয়মিত অংশগ্রহণ করি। মুরব্বি, যুবসমাজ, ছাত্রসমাজ, কৃষক ও শ্রমজীবী মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামেও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। দলের প্রতি আমার আস্থা ও আনুগত্য রয়েছে। আমি শতভাগ আশাবাদী, দল আমাকে সমর্থন ও মনোনয়ন দেবে।

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে নালী ইউনিয়নের প্রধান সড়কের পাশাপাশি অভ্যন্তরীণ ও সংযোগ সড়কগুলোর উন্নয়নে কাজ করব। সামাজিক উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাস, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে গ্রাম ও মহল্লাভিত্তিক কমিটি গঠন করব। একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, আমি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। আপনারা আমাকে আরেকবার সুযোগ দিলে আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করব। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

এ সময় স্থানীয়রা বলেন, জুয়েল মাহমুদ খান চেয়ারম্যান হলে আমাদের কোনো চিন্তা থাকবে না। কারণ, তাঁকে যখনই ডাকা হয়, তিনি কোনো ধরনের অলসতা না করে দ্রুত আমাদের কাছে ছুটে আসেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর আচরণ অত্যন্ত বিনয়ী। তিনি বৃদ্ধদের খোঁজখবর নেন, যুবকদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা ও খেলাধুলা নিয়ে আলোচনা করেন এবং শিশুদের প্রতিও স্নেহশীল। সব মিলিয়ে তিনি একজন জনবান্ধব মানুষ।

গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় প্রার্থী সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও মো. মোতালেব হোসেন সাকিব, উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মো. নুর আলম, নালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা. শামীম মিয়া, নালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, নালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান আজিজসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা।