আমতলী (বরগুনা) প্রতিবেদক: , আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

আমতলীতে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলার ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কলেজের ফটক ও সামনের সেতুতে ভাঙচুর এবং টায়ারে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার জুমার নামাজের পর আমতলী পৌরসভার ডাকবাংলো সড়কের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাঁকে ২২ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,উপজেলার গুলিশাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিজাউল করিম বাদী হয়ে গত ৯ অক্টোবর আমতলী থানায় মামলাটি করেন। এতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কলেজের ফটক ও সামনের সেতুতে ভাঙচুর এবং টায়ারে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ অক্টোবর ইউনুস আলী খান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকিরের বক্তব্যের পর কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে চার শিক্ষার্থীকে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধেও মামলা হয়। ওই মামলায় তিন শিক্ষার্থী প্রায় এক সপ্তাহ পর জামিনে মুক্তি পেলেও সাইফুল কাজী এখনো কারাগারে রয়েছেন বলে জানা গেছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, বিশেষ ক্ষমতা আইনে মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আমতলী থানার ৯ অক্টোবরের ১২ নম্বর মামলার এজাহারভুক্ত ২২ নম্বর আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং দণ্ডবিধির ১৫৩/৫০৪ ধারায় করা হয়েছে।