মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভায় বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় পৌর শহরের সাইলো রোড থেকে তারাপুর এবং তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। সাইলো রোড থেকে তারাপুর পর্যন্ত ৫৫৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা।

অন্যদিকে তারাপুর মেইন রোড থেকে কাজিপুর মসজিদ পর্যন্ত ২৪৩ মিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৪৪ লাখ ৭৭ হাজার ৭০৭ টাকা। সড়ক দুটি নির্মাণে মোট ব্যয় হচ্ছে ২ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৯৯২ টাকা। সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আমল, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ, ঠিকাদার জামিল আহসান, বীর বিক্রম লেফটেন্যান্ট শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার, ছাত্রনেতা ফাহমিদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।