মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: , আপলোডের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪

বাগেরহাটের মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মৃধা ওমর ফারুক মো. এনামুলের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কালীবাড়ি চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। এতে এনামুলসহ চারজন আহত হয়েছেন।

আহত অন্যরা হলেন মুকিব হাওলাদার (২২), সাজাহান মীর (৬০) ও কাদের ফকির (২১)। আহতদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এনামুল মৃধার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় রবিবার তাঁকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন এনামুল মৃধার অভিযোগ, গ্রামের একটি সালিশ বৈঠক শেষে স্থানীয় একটি নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে কালীবাড়ি চৌরাস্তার মোড়ে পৌঁছালে রাব্বি, লাভলু ও মান্নানের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি ও তাঁর সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।

এনামুলের মা নুরুন্নাহার বেগম অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছেলের ওপর এ হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, হামলার ঘটনা সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।হামলায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।