মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে মসজিদের ভিতরে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দায়েরের এক মাস পরে সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।
গ্রেপ্তার হওয়া ওসমান মুন্সী (৫৫) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের শেখ গহের এর ছেলে। তিনি স্থানীয় চারআনি হালুয়াঘাটা মসজিদের ইমাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেলে চারআনী হালুয়াঘাটা মসজিদের ভিতরে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত ওসমান মুন্সী। এ ঘটনায় গত ১০ অক্টোবর হরিরামপুর থানায় মামলা করেন শিশুটির মা। মামলা দায়েরের এক মাস পর আজ সোমবার (৯ নভেম্বর) ঘটনা মিমাংসার জন্য সালিশী সভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।