মোরেলগঞ্জ প্রতিনিধি: , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মারপিটের ঘটনার মামলায় ষড়যন্ত্রমূলক ৫ জনের নাম জড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পুটিখালী ইউনিয়নের মঙ্গলেরহাট গ্রামে গত ২ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে হামলার ঘটনা ঘটেছে। এতে পিয়াস খান (২১), মিল্টন খান (৪৩), আবদুল্লাহ শেখ (২০), ডেঙ্গুতে আক্রান্ত ইসমাইল মল্লিক (১৮) ও রমজান শেখ (২২) এই পাঁচজনের নামে মো. জলিল শেখ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন মল্লিক বলেন, তাঁর ছেলে ইসমাইল মল্লিক পুটিখালী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ২৫ দিন ধরে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে অবস্থান করেছেন। মারপিটের ঘটনার সময় তাঁর ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এজাহারে আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান।

অন্যদিকে পিয়াসের বাবা মো. মিল্টন খান বলেন, ঘটনার দিন জলিল শেখ সিমেন্ট ও খোয়া বোঝাই একটি ভ্যান নিয়ে একটি নড়বড়ে কাঠের সেতু পার হওয়ার চেষ্টা করেন। এ সময় সেতুর অপর পাশে থাকা পিয়াস ও তার বন্ধুরা অতিরিক্ত ভারে সেতুটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁকে সতর্ক করে। কিন্তু তাঁদের নিষেধ উপেক্ষা করে ভ্যানটি সেতুর ওপর তোলা হলে একপর্যায়ে সেতুটি ভেঙে খালে পড়ে যায়।

মিল্টন খানের দাবি, এ ঘটনার দৃশ্য পিয়াস ও তার বন্ধুরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এতে ক্ষুব্ধ হয়ে জলিল তাঁদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্য হুমকি দেন। এ সময় গালিগালাজসহ হাত-পা কেটে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, ঘটনার পর থেকেই তিনি ছেলেকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেন। হামলার ঘটনার সময় পিয়াস বাড়িতেই ছিল বলে দাবি করেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকরা বলেন, মামলার বাদি মো. জলিল শেখ এলাকায় মাদক বিক্রেতা সহ একাধিক কর্মকান্ডে জজিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নম্বর পুটিখালী ইউনিয়ন যুবদল নেতা এইচ এম জাহিদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাবুল মল্লিকসহ আরো অনেকে।

পরিবারের সদস্যদের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে তাঁদের সন্তানদের এজাহারে অন্তর্ভুক্ত করা হয়ে থাকতে পারে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, নির্দোষ ব্যক্তিদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান।