নিজস্ব প্রতিবেদক: , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকা মহানগরসহ দেশের ৪৫টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১১৯টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) অধিদপ্তরের ৬০টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করে। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি ঠেকাতে এ তদারকি কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধের বিষয়গুলো যাচাই করা হয়। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের মজুত, নিরাপত্তাবিধি অনুসরণ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয়।

এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে বাধা সৃষ্টি করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

জনসচেতনতা বাড়াতে অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

পণ্য কেনার ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা না করা এবং মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। একই সঙ্গে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য কেনা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।