​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: , আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতা কার্যক্রম পেল জেলা প্রশাসকের সম্মাননা ক্রেস্ট

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণের এক অনন্য উদ্যোগ হিসেবে নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে বাস্তবায়িত হয়েছে ‘ক্লিন সানডে’ (Clean Sunday) পরিচ্ছন্নতা কার্যক্রম। এই মহতি কাজের বিশেষ স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের পক্ষ থেকে বিদ্যালয়টিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

১১ নভেম্বর রোজ বুধবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নান্দাইল উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়সল আহম্মেদ এর করকমল থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আঞ্জু এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন নিশ্চিত করার লক্ষ্যেই ‘ক্লিন সানডে’ কার্যক্রমের সূচনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ, ক্লাসরুম এবং খেলার মাঠ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়ায়।

সম্মাননা ক্রেস্ট গ্রহণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আঞ্জু আনন্দ ও অনুভূতি প্রকাশ করে জানান, “এই স্বীকৃতি আমাদের কাজের স্পৃহা ও দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পরিবেশ বজায় রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নে নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় সবসময় বদ্ধপরিকর।”

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সল আহম্মেদ বিদ্যালয়টির এই প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অফিসের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার বৃন্দ উপস্থিত ছিলেন।